ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের

স্পোর্টস ডেস্ক:


পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩০ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান তুলতে সক্ষম হয়।


টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশের মেয়েরা। দলীয় ২ রানেই প্রথম উইকেট হারানোর পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে ব্যাটারদের কার্যকর অবদানে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় দলটি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সাদিয়া আক্তার। ২৫ বলের ইনিংসে তিনি একটি চার ও দুটি ছক্কা হাঁকান। নিশিতা আক্তার নিশি করেন ২৩ রান। সাদিয়া ইসলাম ও কুমারী শ্রাবণীরানি ১২ রান করে যোগ করেন। শেষদিকে অদৃতা নওশিন মাত্র ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে বাংলাদেশের স্কোরে যোগ হয় ১২ রান।


পাকিস্তানের বোলারদের মধ্যে মাহনূর জেব ২৪ রান দিয়ে তিনটি এবং রোজিনা আখতার দুটি উইকেট নেন। শেহার বানু ও মাহাম নাজাকাত একটি করে উইকেট শিকার করেন। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে শুরুতে কিছুটা আত্মবিশ্বাসী মনে হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। রাভাইল ফারহান ১২ বলে ১৭ রান করে শুরুটা ভালো করেন। তবে পরবর্তী ব্যাটাররা বাংলাদেশের বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে পারেননি।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন উইকেটকিপার কোমল খান। ৩৯ বলের ইনিংসে তিনি দলের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন। জুফিশান আইয়াজ ১২ এবং শেহার বানু করেন ৯ রান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের রান তোলার গতি কমে আসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস। ফলে ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।


বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি ৪ ওভারে ১৬ রান দিয়ে দুটি উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন ফারজানা ইসম, আফরিন মিম ও অদৃতা নওশিন। এর মধ্যে আফরিন মিম ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।