প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬
সময়: ১২:১৩ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিকভাবে ‘মাদকমুক্ত’ ঘোষণা
শাকিল প্রধান
মাদককে চিরতরে বিদায় জানাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও স্বতঃস্ফূর্ত মাদকবিরোধী সমাবেশ। সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বসম্মতভাবে আনারপুরা গ্রামকে ‘মাদকমুক্ত’ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আনারপুরা গ্রামের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের গ্রামীণ জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ইউপি সদস্য শাহজাদা শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ, আব্দুল আহাদ শিকদার শ্যামল, সাইফুল শিকদার, সিরাজুল ইসলাম মেম্বার, জামান সরকার, ইঞ্জি: কাউসার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ
মাসুদ ফারুক বলেন, আজ এই মুহূর্ত থেকে আনারপুরা গ্রামকে মাদক মুক্ত ঘোষণা করা হলো, যারা এই ব্যবসা করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা সেবন করবে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ছাড়া সুস্থ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস ও নান-াবিধ অপরাধ নির্মূল করতে গ্রামের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যুবসমাজকে।
মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে জীবনকে 'হ্যাঁ' এবং মাদককে 'না' বলার আহ্বান জানান তারা। গ্রামবাসী একাত্মতা প্রকাশ করে অঙ্গীকার করেন যে, এখন থেকে আনারপুরা গ্রামে কোনো প্রকার মাদক ব্যবসা, জুয়া বা অপরাধমূলক কর্মকাণ্ড স্থান পাবে না। সবাই মিলে একটি মাদকমুক্ত, নিরাপদ ও আদর্শ গ্রাম গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান ফারুক গ্রামবাসীর কল্যাণে মোনাজাত পরিচালনা করেন।