প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
সময়: ০৫:২৮ পিএম
কালিগঞ্জ প্রেসক্লাবে সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা
মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বদলিজনিত কারণে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কালিগঞ্জ প্রেসক্লাব। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম ও সদস্য শেখ আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইশারাত আলী, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শিমুল হোসেন, সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা কালিগঞ্জে দায়িত্ব পালনকালে মাইনুল ইসলাম খানের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংকটময় সময়ে তাঁর দায়িত্বশীল ভূমিকা, প্রশাসনিক তৎপরতা এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়টি তুলে ধরেন তাঁরা।
বক্তারা বলেন, প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে মাইনুল ইসলাম খান দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন সমস্যা ও সংকটের সময়ে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন। তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীল আচরণ কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিদায়ী বক্তব্যে মাইনুল ইসলাম খান কালিগঞ্জে কর্মকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যরা তাঁর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।