প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
সময়: ১০:২৯ পিএম
পত্নীতলায় ৬ মাস ধরে পরিবার পরিকল্পনা সামগ্রী সংকট,
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি:
সেবাবঞ্চিত হাজারো মানুষ।
নওগাঁর পত্নীতলা উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রয়োজনীয় ওষুধ ও সামগ্রী সরবরাহে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে মারাত্মক সংকট চলছে। উপজেলা সদর পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলোতে সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
জন্মনিয়ন্ত্রণ পিল, কন্ডোম, ইনজেকশন, আয়রন, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিডের মতো প্রায় ২৬ ধরনের ওষুধ ও সামগ্রীর তীব্র ঘাটতি রয়েছে। এর ফলে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের নারী, গর্ভবতী মা ও কিশোরীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
দীর্ঘদিন ধরে এই সংকট বজায় থাকায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও জনসংখ্যা বৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম গোলাম কায়সার সংকটের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন যে, স্বাস্থ্য অধিদপ্তর এটি নিয়ে কাজ করছে এবং আগামী এক মাসের মধ্যে এই সংকটের সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।