৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ: মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: 

দেশের ইলিশ সম্পদ রক্ষা ও প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ই অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জেলেরা শেষবারের মতো নদীতে মাছ ধরতে পারবেন। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দেশজুড়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে। 

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আপস করা হবে না। 

প্রজনন মৌসুমের এই ২২ দিন বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা, চট্টগ্রামের পতেঙ্গা রাসমণি ঘাট এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ২৪ ঘণ্টা যৌথ টহল ও বিশেষ অভিযান পরিচালিত হবে। আইন অমান্য করে নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ শিকার বা কেনাবেচা করলে অপরাধীকে নূন্যতম ৬ মাসের কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে।

 পাশাপাশি আইন অমান্যকারী জেলেদের নিবন্ধন বা জেলে কার্ড স্থায়ীভাবে বাতিল করা হবে। এছাড়া অভিযান সফল করতে প্রজনন ক্ষেত্র সংলগ্ন এলাকার বরফকলগুলো সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির ব্যবস্থা করেছে সরকার। দেশের প্রায় সাড়ে ৬ লাখ নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বিনামূল্যে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হচ্ছে। 

মা ইলিশ রক্ষা অভিযান শুরু হওয়ার পূর্বেই অর্থাৎ আগামী ৭ই অক্টোবরের মধ্যে শতভাগ চাল বিতরণ সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় এই কর্মসূচি সার্বক্ষণিকভাবে তদারকি করতে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার ছুটি বাতিল করে তাদের কর্মস্থলে থাকার নির্দেশ জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।