কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শিক্ষক দিবসের র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে ‘শিক্ষকদের পাশে পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক আব্দুর রউফ, শিমু রেজা এমপি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, কাঠুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া খাতুন, সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ এবং সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন।

বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও দায়িত্ব নিয়ে একটি ঐতিহাসিক সুপারিশপত্র স্বাক্ষর করে। শিক্ষকদের অবদানকে স্মরণীয় করে রাখতে ১৯৯৪ সালে ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে বিশ্বের শতাধিক দেশে দিবসটি পালিত হচ্ছে।

বক্তারা বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের ন্যায্য বেতন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, পেশাগত স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।

তাঁরা আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থী মাদকাসক্তি ও মোবাইল ফোনে অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও আদর্শ জাতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষকদেরও আদর্শ, নীতি ও নৈতিকতা মেনে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।