প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬
সময়: ১২:৩৫ পিএম
ঘোষনগরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী রফিকুল আল আমিন, ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও সমর্থন প্রার্থনা
মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার ৯নং ঘোষনগর ইউনিয়নের রাজনৈতিক মাঠ এখন বেশ সরগরম। এই ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন জনপ্রিয় মুখ রফিকুল আল আমিন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় দিনরাত চষে বেড়াচ্ছেন তিনি।
ভোটারদের মন জয় করতে রফিকুল আল আমিন কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন। সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচনে নিজের পক্ষে দোয়া ও সমর্থন চাচ্ছেন। এ সময় তার হাতে থাকা নির্বাচনী লিফলেট ভোটারদের মাঝে বিতরণ করতে দেখা যায়।
স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, রফিকুল আল আমিন দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় তার আলাদা পরিচিতি রয়েছে। মাঠে নেমে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াও পাচ্ছেন তিনি।
গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী রফিকুল আল আমিন ভোটারদের উদ্দেশ্যে বলেন,
"নির্বাচিত হলে ঘোষনগর ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানই আমার মূল লক্ষ্য। আমি আপনাদের সন্তান ও সেবক হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।"
তার এই অবিরাম গণসংযোগ এবং সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগের ফলে ঘোষনগর ইউনিয়নের নির্বাচনী লড়াই এখন বেশ জমে উঠেছে। প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝেও কাজ করার ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।