নওগাঁর পত্নীতলায় ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদ রানা নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মণ্ডল (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ৮ অক্টোবর ২০২৬, বুধবার সকালে এ অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার বটগাছের নিচের পাকা রাস্তা থেকে তন্ময় মণ্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত তন্ময় মণ্ডল পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মণ্ডলের ছেলে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।