দাখিল নবম শ্রেণির রেজিস্ট্রেশনে আবারও সুযোগ

বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ফি জমার সুযোগ


শিক্ষা ডেস্ক


দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রমে বাদ পড়েছে, তাদের জন্য নতুন করে সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষা-২০২৭-এর এসব শিক্ষার্থীকে বিশেষ বিবেচনায় বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।


বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দাখিল দশম শ্রেণিতে অধ্যয়নরত কিন্তু নবম শ্রেণির রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি—এমন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।

এ জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি’র সঙ্গে বিলম্ব ফি পরিশোধ করতে হবে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ জমা দেওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য নিবন্ধনের জন্য অনলাইন এন্ট্রি অপশন চালু হবে। এরপর ইএসআইএফে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তা সাবমিট করতে হবে।


বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর ইএসআইএফে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ও সাবমিশনের জন্য সময় থাকবে ২২ অক্টোবর পর্যন্ত। তবে বর্ধিত এই সময়ের সুযোগ কেবল রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া নতুন শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগে থেকে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য পরিবর্তন, সংশোধন বা মুছে ফেলার সুযোগ থাকবে না।


বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তী সময়ে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ার দায় সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ, সুপার বা প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।