প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তির তথ্য দ্রুত হালনাগাদের নির্দেশ
আইপিইএমআইএসে তথ্য না থাকায় প্রশাসনিক জটিলতা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি পদক্ষেপের নির্দেশ
শিক্ষা ডেস্ক
বদলি ও সংযুক্তির আদেশের পর নতুন কর্মস্থলে যোগ দেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য দ্রুত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আইপিইএমআইএসে এসব তথ্য যথাসময়ে সংযুক্ত না হওয়ায় প্রশাসনিক বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি ও সংযুক্তির তথ্য দ্রুত হালনাগাদ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ জুনের স্মারকের ভিত্তিতে গঠিত কমিটির মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিক্ষক বদলি ও পদায়ন কার্যক্রম চলছে। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে বেশ কিছু বদলি ও সংযুক্তির আদেশ জারি হয়েছে। কিন্তু এসব আদেশের পর যারা নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন, তাদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ না হওয়ায় বিভিন্ন প্রশাসনিক সমস্যা দেখা দিচ্ছে।
অধিদপ্তর জানিয়েছে, একই উপজেলার মধ্যে বদলি বা সংযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের তথ্য আইপিইএমআইএসে স্থানান্তরের কাজ করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। একই জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির ক্ষেত্রেও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ইউজার থেকেই কার্যক্রম সম্পন্ন করতে হবে।
একই বিভাগের এক স্থান থেকে অন্য স্থানে বদলি বা সংযুক্তির ক্ষেত্রে তথ্য স্থানান্তরের দায়িত্ব পালন করবেন বিভাগীয় উপপরিচালক। আর এক বিভাগ থেকে অন্য বিভাগে অথবা জাতীয় পর্যায়ে বদলি বা সংযুক্তির ক্ষেত্রে আইপিইএমআইএসে ডাটা স্থানান্তরের কাজ করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ইউজার থেকে।
আইপিইএমআইএসে তথ্য হালনাগাদের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রথমে সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশ করতে হবে। এরপর ড্যাশবোর্ড বা ডান পাশের ‘সিক্স ডট’ অপশন থেকে ‘শিক্ষক ব্যবস্থাপনা’ এবং সেখান থেকে ‘শিক্ষক স্থানান্তর’ মেনুতে যেতে হবে। সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী ‘বদলি’, ‘সংযুক্তি’ অথবা ‘সংযুক্তি বাতিল’ অপশন নির্বাচন করে শিক্ষকের প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
বদলির ক্ষেত্রে শিক্ষকের মোবাইল নম্বর, পিন নম্বর বা অন্যান্য ফিল্টারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষককে নির্বাচন করতে হবে। এরপর বদলিকৃত বিদ্যালয়ের নাম বা ছয় অঙ্কের কোড দিয়ে নতুন কর্মস্থল নির্বাচন করতে হবে। যোগদানের তারিখ, আদেশের স্মারক নম্বর, স্মারকের তারিখ এবং সর্বোচ্চ ২ এমবির মধ্যে আদেশের স্ক্যান কপি যুক্ত করে কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অধিদপ্তর আরও জানিয়েছে, বদলির মাধ্যমে কোনো শিক্ষকের তথ্য নতুন বিদ্যালয়ে স্থানান্তরের ক্ষেত্রে ওই বিদ্যালয়ে অবশ্যই শূন্যপদ থাকতে হবে। তবে সংযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ে শূন্যপদ থাকা বাধ্যতামূলক নয়। আগে কোনো শিক্ষককে সংযুক্ত করা হয়ে থাকলে এবং পরে অন্য বিদ্যালয়ে তার তথ্য স্থানান্তরের প্রয়োজন হলে প্রথমে আইপিইএমআইএসে আগের সংযুক্তি বাতিল করতে হবে। এরপর বদলির মতো একই প্রক্রিয়ায় নতুন বিদ্যালয়ে তথ্য স্থানান্তর করতে হবে।