প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬
সময়: ০৬:৪১ পিএম
সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, পলাতক স্ত্রী
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী হাসনা বেগম (৩৬) পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম দক্ষিণ ধল্লা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে। তাঁর স্ত্রী হাসনা বেগম লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামের মো. বারেকের মেয়ে। প্রায় দেড় যুগ আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল তাঁদের মধ্যে। বৃহস্পতিবার ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসনা বেগম ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পেটে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে অটোরিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর হাসনা বেগম তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনার পর থেকে হাসনা বেগম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।