জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হালিম মাস্টারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচিত হলে ইউনিয়নের কাঁচা রাস্তাঘাট পাকা করা, জরাজীর্ণ রাস্তা সংস্কার, নারীদের কর্মসংস্থান এবং যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।
শনিবার(১০অক্টোবর)বিকেল ৩টায় ইউনিয়নের রোয়াইড় গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাসভবন প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদুল মেম্বার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল হাকিম মেম্বার ও সাধারণ সম্পাদক মোমিন মোল্লা এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুদ ফকির।
বৈঠকে বক্তব্যে আবদুল হালিম মাস্টার বলেন,আমি বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের যেসব কাঁচা রাস্তাঘাট রয়েছে, সেগুলো পাকা করার উদ্যোগ নেব।পাশাপাশি জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কারে কাজ করব।
নারীদের উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন,ইউনিয়নের নারীদের জন্য বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও বয়স্ক ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব। নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিনের ব্যবস্থা করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেব।
যুবকদের কর্মসংস্থান নিয়ে তিনি আরও বলেন, “যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে আইটি সেন্টার ও কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করব। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আবদুল হালিম মাস্টার বলেন,ইউনিয়নে কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে তাঁর বিষয়ে আমাকে জানাবেন।আমি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেব।
বৈঠকে এলাকার উন্নয়ন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। বক্তারা এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ছাত্রদল, যুবদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পাশাপাশি এলাকার সাধারণ মানুষও উঠান বৈঠকে অংশ নেন।