আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের প্রত্যাশার সঙ্গে নতুন নির্বাচিত সরকারের অবস্থানের মিল রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্থাগুলোর সঙ্গে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রাজস্ব আহরণ আগের তুলনায় বেড়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুঁজিবাজার থেকে একসময় মুখ ফিরিয়ে নেওয়া বিনিয়োগকারীরাও আবার বাজারে ফিরতে শুরু করেছেন বলে উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদল শিগগিরই ঢাকা সফর করবে। এ সময় দেশের বেসরকারি খাতের উন্নয়ন ও সহায়ক অর্থায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, ব্যাংককে শুরু হওয়া আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিচ্ছেন। সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশের জন্য নতুন ঋণ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
সম্মেলনে আইএমএফের সঙ্গে প্রায় ৪৫০ কোটি মার্কিন ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণ চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে আইএমএফ ও বিশ্বব্যাংকের এ বার্ষিক সম্মেলন।