জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১২ অক্টোবর) দেশটির রাজধানী পিয়ংইয়ং অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, পিয়ংইয়ং অঞ্চল থেকে জাপান সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনার পর উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে—এমন আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

তবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর সুনির্দিষ্ট সংখ্যা, পাল্লা ও সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। উত্তর কোরিয়ার এ পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পরবর্তী প্রতিক্রিয়া এবং ক্ষেপণাস্ত্রগুলোর বিস্তারিত তথ্যের দিকে নজর রাখা হচ্ছে।