রাজপথে ফের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। দেশব্যাপী সহিংসতা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবার যৌথ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জেলা বিএনপি। কর্মসূচিকে ঘিরে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে রাজপথে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।
জেলা বিএনপির প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে প্রথমে যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচিতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
এ আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়েছে।