বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথমবারের মতো তাঁদের ছেলে বিহান কৌশলের মুখ প্রকাশ্যে এনেছেন। দীপাবলি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে একটি পারিবারিক ছবি শেয়ার করেন তাঁরা। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গত ৭ নভেম্বর ছিল বিহানের প্রথম জন্মদিন। এর এক দিন পর দীপাবলি উপলক্ষে যৌথভাবে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন ক্যাটরিনা ও ভিকি। ছবির ক্যাপশনে তাঁরা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে আলো ও ভালোবাসায় ভরা উৎসবের শুভেচ্ছা।’ উৎসবের ছবিতে পুরো কৌশল পরিবারকে দেখা যায় একই ধরনের মানানসই পোশাকে। ক্যাটরিনার পরনে ছিল হলুদ রঙের সালোয়ার-কামিজ। ভিকি কৌশল পরেছিলেন বেইজ রঙের কুর্তা। আর ছোট্ট বিহানের পরনে ছিল বেইজ কুর্তার সঙ্গে হলুদ রঙের ওয়েস্টকোট।

তারকা দম্পতির এই পারিবারিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সহকর্মী ও ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছে। অভিনেত্রী অনন্যা পান্ডে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। সোনম কাপুরও তাঁদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া কিয়ারা আদভানিসহ বলিউডের অন্য তারকারাও ভালোবাসা প্রকাশ করেছেন।

এর আগে সন্তানের জন্মের খবর জানানোর প্রায় দুই মাস পর ২০২৬ সালের জানুয়ারিতে ছেলের নাম প্রকাশ করেছিলেন এই দম্পতি। তাঁরা ছেলের নাম রেখেছেন বিহান কৌশল। দীর্ঘদিন ছেলের ছবি ও ব্যক্তিগত মুহূর্ত আড়ালে রাখার পর প্রথম জন্মদিন ও দীপাবলির বিশেষ আয়োজনে তাকে প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি। তাঁদের এই উদ্যোগ ঘিরে বলিউডের বিনোদন অঙ্গনে এখন বেশ আলোচনা চলছে।