ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের অদূরে গভীর রাতে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে তিতাস কমিউটার ট্রেনের শান্টিং চলাকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রেনের ভেতরে হঠাৎ আগুন জ্বলতে দেখে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনটি।
ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে। আগুন দেওয়ার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে এ নাশকতা চালানো হয়েছে এবং আটক ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ততা কতটুকু, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।