তরুণ উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক পর্যায়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ প্রকল্প। কিন্তু সেই প্রকল্পের উদ্যোক্তা বাছাই প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়েই এখন উঠছে নানা প্রশ্ন। একটি সম্ভাবনাময় ব্যবসায়িক পরিকল্পনা, দীর্ঘ প্রস্তুতি, মাঠপর্যায়ের বাজার জরিপ এবং কর্মসংস্থান সৃষ্টির সুস্পষ্ট রূপরেখা—এসব কি যথাযথভাবে মূল্যায়িত হয়েছে, নাকি অল্প কয়েকটি প্রশ্নের ভিত্তিতেই নির্ধারিত হয়েছে একজন উদ্যোক্তার স্বপ্ন ও সম্ভাবনার ভবিষ্যৎ?
মানিকগঞ্জের হরিরামপুরের এক আবেদনকারী প্রকল্পটির নির্বাচন প্রক্রিয়া নিয়ে এমনই প্রশ্ন তুলেছেন। ‘আমব্রেলা ইনস্টিটিউট অব আইটি’ নামে একটি আধুনিক আইটি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়ে তিনি এই প্রকল্পে আবেদন করেছিলেন। তাঁর দাবি, আবেদনের সঙ্গে বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনা, স্থানীয় বাজার জরিপ, সম্ভাব্য গ্রাহক, বিনিয়োগের হিসাব, জনবল এবং কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা জমা দেওয়া হয়েছিল।
সাক্ষাৎকারে ‘মাত্র তিনটি প্রশ্ন’ ঘিরে বিতর্ক
আবেদনকারীর ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে তিনি ৯ নভেম্বর 9.30 এ বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় মতিঝিলে সাক্ষাৎকারে অংশ নেন। সেখানে তাঁকে মূলত তিনটি প্রশ্ন করা হয়—নাম কী, কি উদ্যোগ এরপর প্রশ্ণ করা হয় গ্রাফিকস ডিজাইন কী।
সাক্ষাৎকারে করা প্রশ্নের সংখ্যা ও ধরন সামনে আসার পর আবেদনকারীর প্রশ্ন, জমা দেওয়া পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা এবং কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা কীভাবে মূল্যায়ন করা হয়েছিল?
এ প্রসঙ্গে উদ্যোক্তা রুমা আক্তার বলেন, “একটি স্বপ্নকে মূল্যায়ন করতে কতটুকু সময় লাগে? একটি সম্ভাবনাময় উদ্যোগকে বাতিল করতে কতটুকু যাচাই-বাছাই প্রয়োজন? আমি হরিরামপুরের মতো প্রান্তিক এলাকায় দক্ষ মানবসম্পদ তৈরি, তরুণদের কর্মসংস্থান এবং আইটি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করার প্রত্যাশা নিয়ে আবেদন করেছিলাম। একটি উদ্যোগের ভবিষ্যৎ কি কেবল কয়েকটি প্রশ্নের উত্তরে নির্ধারিত হতে পারে?”
উদ্যোক্তা রুমা আক্তার জানান, তিনি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আবেদন করেছিলেন। ভাইবা বোর্ডে প্রযুক্তি-সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি জানান যে, প্রস্তাবিত এই প্রতিষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে তাঁর স্বামী যুক্ত থাকবেন, যাঁর এই খাতে এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এবং জমা দেওয়া ব্যবসায়িক পরিকল্পনায় (বিজনেস প্রপোজাল) তা বিস্তারিত উল্লেখ আছে।
জনস্বার্থে প্রশ্ন তুলে রুমা আক্তার বলেন, “আমি উদ্যোক্তা; আমি নিজে তো আর ট্রেনিং করাবো না। আমার যোগ্যতা বিবেচনা করেন—আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছি। আমার উদ্যোক্তা বিষয়ক ট্রেনিং রয়েছে এবং আগে অনলাইনে পণ্য বিক্রির অভিজ্ঞতাও আছে। এগুলো কি একজন উদ্যোক্তার যোগ্যতা নয়?”
রুমা আক্তারের ভাষ্য অনুযায়ী, ভাইবাতে প্রাথমিক তিনটি প্রশ্নের পর বোর্ড জানতে চায় জমা দেওয়া বুকলেটটি কে তৈরি করেছেন। উত্তরে তিনি জানান, বুকলেটটি তাঁর স্বামী তৈরি করেছেন, যিনি প্রকল্পের প্রধান প্রশিক্ষক। এরপর বোর্ড থেকে প্রশ্ন করা হয়, তাঁর স্বামী কেন আবেদন করেননি। রুমা আক্তার জানান, তাঁর স্বামীর বয়স ২৮ বছরের বেশি হওয়ায় তিনি আবেদনের যোগ্য ছিলেন না।
তাঁর দাবি, এরপর ভাইবা বোর্ড থেকে তাঁকে বলা হয়, “আপনি আসতে পারেন, আমরা ভেবে দেখবো।” পাশাপাশি জানানো হয়, যেহেতু তাঁর স্বামী প্রশিক্ষণ করাবেন, তাই তাঁকে ব্যাংকে যোগাযোগ করতে বলা হয় এবং ৭ শতাংশ সুদে ব্যাংক ঋণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়।
ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পর রুমা আক্তার পুরো বিষয়টি তাঁর স্বামীকে জানান। এরপর তাঁর স্বামী উপজেলা লিড ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বললে ম্যানেজার জানান, তাঁকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরে ওই দিনই স্বামী-স্ত্রী দুজনে মিলে বাংলাদেশ ব্যাংকের যে স্থান থেকে প্রার্থীদের ভাইবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে যান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুঝিয়ে বলেন। রুমা আক্তারের অভিযোগ, ভাইবা বোর্ডের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার আশ্বাসে দায়িত্বরত কর্মকর্তা তাঁদের সেখানে দুই ঘণ্টা বসিয়ে রাখেন। কিন্তু দুই ঘণ্টা পর ওই কর্মকর্তা জানান, বোর্ডের সদস্যরা ভাইবা নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই আর দেখা করবেন না। একই সঙ্গে তিনি বলেন, “আপনাদের উদ্যোগটি তো সুন্দর। আপনারা চলে যান, ভালো কিছুই হবে।”
তবে শেষ পর্যন্ত চূড়ান্ত বাছাই তালিকায় তাঁদের প্রতিষ্ঠানের নাম আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন এই উদ্যোক্তা।
আবেদনপত্রে সংযুক্ত: বিশেষজ্ঞদের মতামতপত্র, দুটি বুকলেট ও সরঞ্জাম ক্রয়ের কোটেশন
আবেদনকারীর দাবি, তাঁর আবেদনের সঙ্গে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও আইএনএমের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে. মুজেরী এবং সিফাত-ই-আজমের দেওয়া পৃথক লিখিত মতামত পত্র সংযুক্ত করা হয়েছিল। পাশাপাশি ‘আমব্রেলা ইনস্টিটিউট অব আইটি’র লক্ষ্য, পরিকল্পনা, কার্যক্রম ও বাস্তবায়নযোগ্যতা তুলে ধরে দুটি বিস্তারিত বুকলেট জমা দেওয়া হয়। প্রস্তাবিত প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম কেনার সম্ভাব্য ব্যয় এবং বাজারদর তুলে ধরতে সংশ্লিষ্ট সরঞ্জামের ক্রয়মূল্যের কোটেশনও আবেদনের সঙ্গে যুক্ত ছিল।এবং আবেদনকারীর প্রশ্ন, বিশেষজ্ঞদের লিখিত মতামত, বিস্তারিত প্রকল্প-প্রোফাইল এবং বাস্তবসম্মত ক্রয়-পরিকল্পনাসহ এসব নথি বাছাই কমিটির মূল্যায়নে কতটা গুরুত্ব পেয়েছে?
আবেদনকারীর আরও অভিযোগ ও প্রশ্ন
রুমা আক্তারের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক একদিকে দেশজুড়ে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানের কথা বলছে, বিপুলসংখ্যক আবেদন গ্রহণ করছে এবং প্রকল্পের প্রচার চালাচ্ছে; অথচ একজন উদ্যোক্তাকে তাঁর প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনা, সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল তুলে ধরার পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। তাঁর প্রশ্ন, মাত্র কয়েকটি প্রশ্ন করে এবং সীমিত সময়ের সাক্ষাৎকার নিয়ে কীভাবে একজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব? উদ্যোক্তা বাছাই কি এতটাই সহজ কাজ, নাকি প্রতিটি প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ে আরও সময় ও গভীর পর্যালোচনা প্রয়োজন?
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক গণমাধ্যমে সাক্ষাৎকার গ্রহণকারী বোর্ডের সদস্যদের যেভাবে পরিচয় করিয়ে দিয়েছিল, সাক্ষাৎকারকক্ষে গিয়ে তিনি তাঁদের কাউকে দেখতে পাননি। যদিও তাঁরা অন্য কোনো বোর্ডে দায়িত্ব পালন করে থাকতে পারেন। এ ছাড়া প্রকল্পের শুরুতে কেন্দ্রীয় ও স্থানীয়—দুটি কমিটির মাধ্যমে উদ্যোক্তা বাছাইয়ের কথা বলা হলেও উপজেলা-ভিত্তিক প্রকল্পে স্থানীয় কমিটির ভূমিকা কী ছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রকল্পের বাস্তবতা যাচাই করা হলে তা আরও কার্যকর হতো কি না, সে প্রশ্নও সামনে এসেছে।
রুমা আক্তারের আশঙ্কা, তাঁর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ বেশি হওয়া, নারী উদ্যোক্তা হিসেবে ঋণের সুদহার-সংক্রান্ত বিষয় কিংবা প্রযুক্তি খাতের উদ্যোগ হওয়ায় তুলনামূলক কম সুদে অর্থায়নের বিষয়টি কোনোভাবে মূল্যায়নে প্রভাব ফেলেছে কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। যদিও এ বিষয়ে তাঁর কাছে কোনো প্রমাণ নেই, তিনি বিষয়গুলোকে মূল্যায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাইয়ের প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন।
তিনি বলেন, “কারা নির্বাচিত হয়েছেন, সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ; কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো—কারা বাদ পড়েছেন এবং কী কারণে বাদ পড়েছেন। আমি ঋণ পাওয়ার নিশ্চয়তা চাই না, চাই আমার প্রকল্পের ন্যায্য মূল্যায়ন। আমি বিশেষ সুবিধা চাই না, চাই সবার জন্য সমান সুযোগ। একটি প্রকল্প নির্বাচিত না-ও হতে পারে, কিন্তু একজন উদ্যোক্তাকে তাঁর পরিকল্পনার পূর্ণাঙ্গ সম্ভাবনা তুলে ধরার সুযোগ না দিয়ে কীভাবে সঠিক উদ্যোক্তা নির্বাচন সম্ভব?”
তাঁর দাবি, শুধু তাঁর প্রকল্প নয়, প্রতিটি অনির্বাচিত আবেদনকারীর মূল্যায়ন প্রক্রিয়াও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হোক। কারণ, জনগণের অর্থায়নে পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে স্বচ্ছতা কোনো অনুগ্রহ নয়, এটি প্রাতিষ্ঠানিক জবাবদিহির অংশ।
সার্কুলারের নির্দেশনা বনাম মূল্যায়ন পদ্ধতি
বাংলাদেশ ব্যাংকের ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এসএমইএসপিডি সার্কুলার নং-০৫ অনুযায়ী, ‘উদ্যোগ’ প্রকল্পে উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ব্যবসায়িক ধারণার যৌক্তিকতা ও বাস্তবায়নযোগ্যতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা, উদ্যোক্তার সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বিবেচনার কথা বলা হয়েছে। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হওয়ার নির্দেশনা রয়েছে।
সার্কুলারের এই নির্দেশনার আলোকে এখন প্রশ্ন উঠছে—সাক্ষাৎকারের মৌখিক প্রশ্নের বাইরে এসব বিষয় মূল্যায়নে কী পদ্ধতি অনুসরণ করা হয়েছিল? আবেদনকারীদের জন্য কি নির্দিষ্ট নম্বর বণ্টন ও মূল্যায়ন ফরম ছিল? প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনা কি একই মানদণ্ডে পর্যালোচনা করা হয়েছে?
আবেদনকারী জানান, তাঁর প্রতিষ্ঠানটি শুধু কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র হিসেবে নয়; বরং গ্রাফিকস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট তৈরি, ভিডিও সম্পাদনা ও ফ্রিল্যান্সিংভিত্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছিল।
তথ্য অধিকার আইনে যাওয়ার প্রস্তুতি
চূড়ান্ত বাছাইয়ে প্রতিষ্ঠানটি নির্বাচিত না হলেও অনির্বাচিত হওয়ার সুনির্দিষ্ট কারণ বা মূল্যায়নের বিস্তারিত ব্যাখ্যা তিনি পাননি বলে জানিয়েছেন। এ বিষয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে মূল্যায়ন পদ্ধতি, সাক্ষাৎকারের নম্বর, ব্যবসায়িক পরিকল্পনার মূল্যায়ন প্রতিবেদন এবং অনির্বাচিত হওয়ার নথিভুক্ত কারণ জানতে তথ্য অধিকার আইনে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।
তাঁর বক্তব্য, “আমি নির্বাচিত হওয়ার দাবি নিয়ে নয়, বরং ন্যায্য মূল্যায়ন ও স্বচ্ছতার দাবি নিয়ে কথা বলতে চাই। কারণ আজ আমার উদ্যোগ বাদ পড়েছে, আগামীকাল অন্য কোনো তরুণ উদ্যোক্তার স্বপ্নও এভাবে থেমে যেতে পারে। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয়; বরং রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত একটি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে আবেদনকারীদের ন্যায্য মূল্যায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রশ্ন।” প্রতিবেদনের মূল অনুসন্ধানগুলো কী?
•যোগ্য উদ্যোক্তা নির্বাচনের সুনির্দিষ্ট মানদণ্ড কী?
•বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ?
•বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ ও মূল্যায়ন প্রতিবেদন জানার অধিকার কি আবেদনকারীদের নেই?
(এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আসছে জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদন।)