খুলনায় শিক্ষক নেতা ও তরুণ লেখক সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো. ওমর ফারুকের লেখা ‘মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি. এম. আইয়ুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন।

প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর-এর সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) খুলনা অঞ্চলের সাবেক সভাপতি ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধানশিক্ষিকা মমতাজ খাতুন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সাবেক জেলা শিক্ষা অফিসার ও যশোর জিলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং মাসিক নয়া ধূমকেতু পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এ কে এম গোলাম আযম। এ ছাড়া খুলনা মহানগরীর বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা একটি জাতির সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। অথচ দীর্ঘদিন ধরে এ স্তরের শিক্ষা ও শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকরা নানা ধরনের বৈষম্য, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। লেখক তাঁর বইয়ে এসব বৈষম্যের ঐতিহাসিক প্রেক্ষাপট, নীতিগত অসংগতি এবং বঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরেছেন।

তাঁরা আরও বলেন, বইটি শুধু অতীতের ঘটনাপ্রবাহের দলিল নয়; বরং মাধ্যমিক শিক্ষায় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও স্বীকৃতির দাবিতে একটি যুক্তিনির্ভর প্রয়াস। বক্তারা লেখক মো. ওমর ফারুকের লেখালেখির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অভয়নগরের সন্তান মো. ওমর ফারুকের লেখা বইটি প্রকাশের মধ্য দিয়ে মাধ্যমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য ও বঞ্চনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।