কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ বরাত, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার।
সভায় বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।