ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে সম্প্রসারণের পরিকল্পনা থেকে সরে এসে পুরো বা আংশিক ফ্লাইওভার নির্মাণের বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ৭১ হাজার ৮৫০ কোটি টাকার প্রস্তাবিত ১০ লেন প্রকল্পটি আপাতত স্থগিত রেখে মহাসড়কের ২৩২ কিলোমিটার অংশে উড়ালপথ নির্মাণের তিনটি বিকল্প নিয়ে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর মধ্যে পুরো ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক উড়ালপথে উন্নীত করা, মোট সড়কের প্রায় এক-তৃতীয়াংশ এলিভেটেড করা এবং শুধু গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ এলাকাগুলোতে ফ্লাইওভার নির্মাণ—এই তিনটি বিকল্প বিবেচনায় নেওয়া হয়েছে।

এর আগে বিদ্যমান চার লেনের মহাসড়ককে ছয় লেনের টোলভিত্তিক মূল সড়ক এবং দুই পাশে চার লেনের সার্ভিস রোডসহ মোট ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছিল। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৭১ হাজার ৮৫০ কোটি ৪৬ লাখ টাকা। তবে নতুন পরিকল্পনায় ওই প্রস্তাবটি আপাতত স্থগিত করা হয়েছে।

প্রস্তাবিত উড়ালপথের পরিকল্পনায় নিয়ন্ত্রিত প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, ইন্টারচেঞ্জ, টোল আদায় এবং বাণিজ্যিক যানবাহনের চলাচল ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং যানজট কমানো।

মহাসড়ক ব্যবহারকারী ব্যবসায়ীদের মধ্যেও এ নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ ১০ লেনের পক্ষে মত দিয়ে বলেছেন, ট্রাক ও কাভার্ড ভ্যানের জন্য পৃথক সড়ক থাকলে যানজট কমবে এবং দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। অন্যদিকে কেউ কেউ পুরো মহাসড়কজুড়ে ফ্লাইওভার নির্মাণের পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, এতে ভূমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চলাচল আলাদা করা সম্ভব হবে।

সূত্র জানায়, ৮ অক্টোবর বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটি সওজের মহাসড়ক উন্নয়ন প্রস্তাবটি ফেরত পাঠায়। এরপর উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিবর্তিত পরিকল্পনা সামনে রেখে নতুন করে কারিগরি ও আর্থিক মূল্যায়ন শুরু হয়েছে।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যোগাযোগপথ। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনসহ আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশ এ মহাসড়কের ওপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করা এ মহাসড়কে ভবিষ্যতে যানবাহনের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পর প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হবে। পিপিপি পদ্ধতিতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি প্রয়োজন হলে এডিবি ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকেও অর্থায়নের বিষয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।