আধুনিক নগর ব্যবস্থাপনা, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে ১৫টি উন্নতমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে।
মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের উদ্যোগে, উপজেলা পরিষদের অর্থায়নে এবং মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ক্যামেরাগুলো বসানো হয়েছে। ক্যামেরাগুলোর মনিটরিং ব্যবস্থা ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে মহাদেবপুর থানায়, যেখান থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
নওগাঁ শহরে কয়েক মাস আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিজিটাল নজরদারি ব্যবস্থা স্থাপনের উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে মহাদেবপুরেও এ কার্যক্রম হাতে নেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে উপজেলা সদরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ সহজ হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সক্ষমতা বাড়বে। এ উদ্যোগের ফলে সদরে নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।