সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামে ভাইয়ের মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস সরদার কাশেমপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে। তিনি বাড়ির পাশেই তাঁর বড় ভাইয়ের মৎস্য ঘেরে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কুদ্দুস। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।