নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের সব দফতরে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব অগ্নিনির্বাপণ যন্ত্র হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার আইন শৃঙ্খলা ও মাসিক সভা শেষে নওগাঁ (৪৬-১) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম উপস্থিত থেকে সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম ও নিতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে অগ্নিনির্বাপণ যন্ত্র তুলে দেন।
এ সময় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হঠাৎ অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও দাপ্তরিক নিরাপত্তার অংশ হিসেবে উপজেলার সকল দফতরে এই অগ্নিনির্বাপণ যন্ত্র দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।