ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার ২৩ নভেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২১ নভেম্বর ২০২৬ রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস হতে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করে পুণ্যার্থীবাহী একটি বোট। পরবর্তীতে ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮ টায় রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং বোটটি নদীতে ভাসতে থাকে। এতে পুণ্যার্থীদের যাত্রা ব্যাহত হয় এবং তাঁরা বিপাকে পড়েন। এ সময় বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ একটি উদ্ধার অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা হতে বিকল হওয়া বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহের পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।