শাখারিয়ায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সরাসরি মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচার বলে উড়িয়ে দিলেন আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. বাতেন দেওয়ান।
সোমবার (২৩ নভেম্বর) লিখিত বক্তব্যে তিনি বলেন, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন নাশকতা ঠেকাতে, চাঁদাবাজি করতে নয়। অথচ এখন উল্টো তাকেই চাঁদাবাজ বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে শাখারিয়া পেট্রোল পাম্প এলাকায় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার নেতৃত্বে ছিলেন ইসহাক আহমেদ বোহা ও রাহাত মুন্না। তাদের দুই সহযোগী হুমায়ুন কবির ও রাকিবকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে।
বাতেন দেওয়ান বলেন, ভিডিও দেখলেই পরিষ্কার হবে কারা ভাঙচুর করেছে, কারা মিছিল দিয়েছে। ধরা পড়ার পর ওই দুজন নিজেরাই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং সহযোগী ও অর্থ যোগানদাতাদের নামও বলেছে। পরে ইউনিয়ন বিএনপির নেতারা তাদের পুলিশের হাতে তুলে দেন।
তিনি অভিযোগ করেন, এই ঘটনাকে ধামাচাপা দিতেই একটি পক্ষ এখন তাকে টার্গেট করেছে। তার দাবি, নিষিদ্ধ সংগঠনের লোকজন ও তার নির্বাচনী প্রতিপক্ষ মিলে তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এতে শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি নয়, বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেবেন।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সেদিন বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিলেন। সেই প্রতিবাদকে চাঁদাবাজি বলে চালিয়ে দেওয়া উদ্দেশ্যমূলক।