খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে বেসরকারি খাতের অংশীদারিত্বে জলবায়ু-সহনশীল কৃষি (CSA), উত্তম কৃষি চর্চা (GAP), কৃষি উপকরণের সঠিক ব্যবহার ও ফলিত পুষ্টি বিষয়ে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি এনজিও সংস্থা উত্তরণের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমন কুমার ঘোষের সভাপতিত্বে এবং উত্তরণের উপজেলা ম্যানেজার জি এম আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ ফরিদ, প্যানেল চেয়ারম্যান মো. ফেরদৌস ঢালী, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজমুল হুদা, ইউপি সদস্য মহাশীষ সরদার, মহেশ্বরীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শেখর চন্দ্র মণ্ডল, পরিবার কল্যাণ সহকারী দিপিকা মণ্ডল, মাস্টার জামিনি জোয়াদ্দার, নারী উদ্যোক্তা জোসনা বেগম, সমাজসেবিকা তাজমিরা খাতুন, কৃষক নাসরিন নাহার ও সিমা আক্তার এবং খুচরা বীজ বিক্রেতা শহিদুল আলমসহ অনেকে।
প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ ফরিদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কয়রা অঞ্চলের কৃষি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা, খরা ও অতিবৃষ্টির মতো প্রতিকূলতার সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি অনুসরণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ নিশ্চিত করতে কৃষক ও সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।
প্রশিক্ষণে কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মানসম্মত বীজ ও সার নির্বাচন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।