নড়াইলের কালিয়া উপজেলায় দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডের পর বেন্দারচর এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। হামলার পর অনেক পুরুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কিছু বাড়িতে নারী ও শিশু-কিশোররা থাকলেও তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।

কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যা হত্যাকাণ্ডের জের ধরে গত শুক্রবার বিকেল ৪টার দিকে বেন্দারচর এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় অন্তত ৬০টি বাড়িঘর ও পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। তবে পুলিশের দাবি, তাৎক্ষণিকভাবে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, নড়াইল-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ বেশ কয়েকজনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে জাকারিয়া ফকির, সাইফুল্লাহ বিশ্বাস, পরশ বিশ্বাস, কালু বিশ্বাস, শরিফুল বিশ্বাস, দাউদ মোল্যা, আকবর মোল্যা, মোস্তাইন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, হান্নান সিকদার, আকমান সিকদার, মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির ও বিপ্লব বিশ্বাসের বাড়িও রয়েছে বলে তারা জানিয়েছেন।

এ ছাড়া কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে।

বেন্দারচরের এক বাসিন্দা বলেন, ‘আমার দালানঘরে আগুন দেওয়ায় সব পুড়ে গেছে। রান্নাঘর, গোয়ালঘর ও খড়ের গাদাও পুড়েছে। পুরুষরা বাড়িতে নেই। ছোট ছোট সন্তান নিয়ে ভয়ের মধ্যে আছি। ঘর থেকে বের হতেও ভয় লাগছে।’

আরেক ভুক্তভোগী জানান, তাঁর দুইতলা বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ঘরের কোনো জিনিসই অবশিষ্ট নেই। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডের পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য দলীয় নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। কালিয়া বাজারসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হিন্দু সম্প্রদায়ের কোনো বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর কালিয়ায় বাড়িঘর ভাঙচুরের বিষয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে নড়াইলকে নিরাপদ রাখতে বিএনপি কাজ করছে।

এদিকে কালিয়া পৌরসভার ঘোষপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, তাদের এলাকায় বাড়িঘর ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে যে প্রচার হয়েছে, তা মিথ্যা। তারা শান্তিতে আছেন বলেও জানান।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনাস্থল ও আশপাশে কোনো হিন্দু বসতি নেই এবং হিন্দু পরিবারের বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।

ওসি আরও বলেন, দুই বিএনপি নেতার হত্যাকাণ্ডের জের ধরে শুক্রবার বিকেলে নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামের ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর চালান। এসব বাড়ির মধ্যে কয়েকটি ৫ আগস্টের পর থেকেই ভাঙচুর করা ও পরিত্যক্ত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।