বগুড়ার শিবগঞ্জে টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজি চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে নিচু জমিতে পানি জমে থাকায় পাকা ও আধাপাকা আমন ধান কাটতে এবং কেটে রাখা ধান শুকাতে সমস্যায় পড়ছেন তাঁরা। একই সঙ্গে আগাম আলু ও শীতকালীন সবজির খেত নিয়েও দেখা দিয়েছে দুশ্চিন্তা।
গতকাল রবিবার সরেজমিনে গিয়ে জানা যায়,(২২ নভেম্বর) উপজেলার পৌর এলাকা, আটমূল,বেতগাড়ী, কিচক, বিহার ,পিরব ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে কেটে রাখা আমন ধান। কোথাও সারি করে ধান বিছিয়ে রাখা হয়েছে, আবার কোথাও স্তূপ করে রাখা হয়েছে ধানের গোছা। বৃষ্টির কারণে এসব ধান শুকানো যাচ্ছে না। তবে মূলত নিচু জমিগুলোতেই পানি জমেছে। এসব জমিতে কোথাও ধানগাছ নুয়ে পড়েছে, আবার কোথাও জমিতে পানি ও কাদার কারণে ধান কাটা এবং মাড়াই ব্যাহত হচ্ছে।
পৌর এলাকার দহিলা গ্রামের কৃষক মোকছেদুল ইসলাম বলেন, ‘আমি ৩ বিঘা জমির ধান কেটে জমিতে রেখেছি। বৃষ্টির কারণে ধান শুকাতে পারছি না। সময়মতো শুকিয়ে মাড়াই করতে না পারলে ধানের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। শ্রমিক ও চাষাবাদের খরচ মেটানোর পর এমন পরিস্থিতিতে লোকসান কীভাবে সামাল দেব, তা বুঝতে পারছি না।’
কিচক ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের কৃষক ফিরোজ কবির বলেন, ‘আমার ৫০ শতক জমির ধান কেটে জমিতে রেখেছি। কিন্তু টানা বৃষ্টির কারণে ধান শুকাতে পারছি না। জমিতে পানি ও কাদা থাকায় ধান শুকানো এবং মাড়াই করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত আবহাওয়া ভালো না হলে ক্ষতির আশঙ্কা রয়েছে।’
একই এলাকার কৃষক মাজেদ মন্ডল বলেন, ‘আমি ৪০ শতক জমিতে আগাম আলু চাষ করেছি। বৃষ্টির পানি জমে থাকায় আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কা করছি। এখন গাছের স্বাভাবিক বৃদ্ধি নিয়েও চিন্তায় আছি।’
কৃষক আবদুল করিম বলেন, ‘আমার ৬০ শতক জমিতে আমন ধান রয়েছে। ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বৃষ্টিতে জমি ভিজে যাওয়ায় শ্রমিক নামানো ও ধান কাটা কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফলন ও ধানের মান ক্ষতিগ্রস্ত হতে পারে।’
আমন ধানের পাশাপাশি শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বিগ্ন চাষিরা। বেগুন,পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ও বিভিন্ন শাকসবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
কৃষকদের ভাষ্য, উৎপাদন খরচের বড় অংশই ধারদেনা করে জোগাড় করতে হয়েছে। এখন ফসল ঘরে তোলার সময়ে বৃষ্টির কারণে ধান শুকানো ও মাড়াইয়ে বিলম্ব হচ্ছে। পাশাপাশি সবজি ও আলুর খেত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘অসময়ের বৃষ্টিতে উপজেলার আমন ধান ও শীতকালীন সবজির কিছু ক্ষতি হয়েছে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত জমির পানি নিষ্কাশন এবং সবজি খেতের প্রয়োজনীয় পরিচর্যার বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।