বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার বড় পরিকল্পনা নিয়ে আসছেন ‘বাহুবলী’ ও ‘আরআরআর’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলি। তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারানসী’ বিশ্বজুড়ে ১৮টি ভিন্ন প্রদর্শন ফরম্যাটে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে আইম্যাক্স ১.৪৩:১, ডলবি ভিশন ও ফোরডিএক্সের মতো আধুনিক প্রযুক্তি।

ভারতীয় সিনেমার ইতিহাসে প্রযুক্তিগত দিক থেকে অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে সিনেমাটিকে। আন্তর্জাতিক দর্শকদের কাছে ছবিটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে নির্মাতারা একাধিক প্রদর্শন প্রযুক্তির উপযোগী করে সিনেমাটি প্রস্তুত করছেন।

‘বারানসী’র অন্যতম বড় আকর্ষণ আইম্যাক্স ১.৪৩:১ অ্যাসপেক্ট রেশিও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির পুরো দৃশ্যায়ন করা হয়েছে এই বিশেষ অনুপাতে। ফলে এটি এ অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত প্রথম অ-ইংরেজি ভাষার সিনেমা হতে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। আইম্যাক্সের বিশাল পর্দায় দর্শকরা সিনেমাটির দৃশ্য আরও বিস্তৃত ও নিমগ্নভাবে উপভোগ করতে পারবেন।

তবে একাধিক ফরম্যাটে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিতে গিয়ে পোস্ট-প্রোডাকশন টিমকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ভিজ্যুয়াল ইফেক্টস, শব্দ সংযোজন এবং বিভিন্ন প্রদর্শন প্রযুক্তির উপযোগী সংস্করণ তৈরির কাজ এখনো চলছে। আগামী মার্চের মধ্যে এসব কাজ শেষ করার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

সিনেমাটি আগামী ৭ এপ্রিল ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ‘বারানসী’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মহেশ বাবু। তাঁর চরিত্রের নাম রুদ্র। প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে। আর পৃথ্বীরাজকে দেখা যাবে কুম্ভকর্ণের ভূমিকায়।