ফিফা উইন্ডো না থাকলেও নতুন বছরের শুরুতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। জানুয়ারির মাঝামাঝি তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে প্রস্তাব পাঠিয়েছে কিরগিজস্তান ফুটবল ফেডারেশন।
শনিবার অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় বিষয়টি পর্যালোচনার জন্য সাবেক এক ম্যানেজার ও কমিটির এক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে সভায় প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়।
২০২৬ সালে আর কোনো ফিফা উইন্ডো নেই। ২০২৭ সালের পরবর্তী ফিফা উইন্ডো ২২ থেকে ৩০ মার্চ। এ অবস্থায় জানুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে ক্লাবগুলোর কাছ থেকে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়পত্র নিতে হবে। বিশেষ করে হামজা চৌধুরী, ফারহান ও শমিতদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ক্লাব থেকে ফিফা উইন্ডোর বাইরে ছাড় পাওয়ার সম্ভাবনা কম।
এ কারণে বিকল্প হিসেবে অনূর্ধ্ব-২৩ দলকে তুরস্কে পাঠানোর বিষয়টিও ভাবছে বাফুফে। তুরস্কের আবহাওয়া, কিরগিজস্তানের সুযোগ-সুবিধা এবং বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সূচি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ফুটবল লিগ আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে প্রথম লেগ ১৬ জুন পর্যন্ত চলার কথা রয়েছে। দলবদলের বিরতির সময় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা দেখছে বাফুফে।
এদিকে সভায় প্রীতি ম্যাচের প্রস্তাবের পাশাপাশি সাম্প্রতিক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ব্যর্থতা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। জাতীয় দলের কোচ টমাস ডুলি, ম্যানেজার, দলনেতা ও সমন্বয়কারীদের মধ্যে সমন্বয়হীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও সভায় প্রশ্ন ওঠে। আসিয়ান কাপ ও সাফে দলনেতার দায়িত্বে থাকা বাফুফে সদস্য ইকবাল হোসেনের ক্যাম্পে অনিয়মিত উপস্থিতি এবং দলের প্রথম দুই ম্যাচে না থাকা নিয়েও আলোচনা হয়। পরে সেমিফাইনালে তিনি দলের সঙ্গে যোগ দেন।
জাতীয় দলের খেলোয়াড় সাদ উদ্দিন চোট পাওয়ার পর তাঁর যথাযথ খোঁজখবর রাখা হয়নি—এমন অভিযোগও সভায় উঠে আসে। এ ঘটনায় বাফুফের সাধারণ সম্পাদক ও জাতীয় দলসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
এ ছাড়া কোচ ডুলির ঘন ঘন সাক্ষাৎকার এবং ইকবালের বিভিন্ন মন্তব্য আচরণবিধি লঙ্ঘন করেছে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে আচরণবিধির একটি রূপরেখা তৈরির জন্য সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আসিয়ান কাপে বাংলাদেশের নয় গোল হজম, নাইট ক্লাব-সংক্রান্ত বিতর্ক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়েও সভায় প্রশ্ন ওঠে। তবে জাতীয় দলের কোচ ডুলির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নেয় বাংলাদেশ। সভা শেষে তিনি নিজে সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যানকে বক্তব্য দেওয়ার দায়িত্ব দেন।