বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের অভিযোগ এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোণায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। একই সঙ্গে কবর থেকে তাঁর মরদেহ উত্তোলন করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় দাফনের দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক শামসুল হক মাহবুব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী, আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আক্কাস আলী, তরিকুল ইসলাম, আলী আজগর খান পন্নী, বোরহান উদ্দিন, পূর্বধলার আব্দুল আজিজ, কেন্দুয়ার নুরুল হক, কলমাকান্দার আব্দুল বারী চান মিয়া এবং উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন সুব্রত ঘোষ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।