ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির অধীনস্থ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও অরাজকতা নিরসন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাহফুজা সুলতানা।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাহফুজা সুলতানা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে ইতিবাচক রাজনীতির চর্চা করতে হবে এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে হবে।
মতবিনিময় সভায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত সাংগঠনিক তৎপরতা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।