নেত্রকোনায় দুই দিন আগে ওয়াসেক বিল্লাহ নোমানীকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোনা বড় মসজিদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়। পরে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আলোচনার সূচনা করেন।
বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, নেত্রকোনা-বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ওয়াসেক বিল্লাহ নোমানী ও তাঁর অনুসারীরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ওয়াসেক বিল্লাহ নোমানীকে আশ্বস্ত করে বলেন, তিনি ভবিষ্যতে কোথাও কোনো কর্মসূচিতে অংশ নিতে গেলে যেন দলের নেতাকর্মীদের অবহিত করেন। প্রয়োজনে দলের নেতাকর্মীরা তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এবং সার্বিক সহযোগিতা করবেন।
এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহিও এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।
বৈঠকে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ ঘটনায় উপস্থিত নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন। ওয়াসেক বিল্লাহ নোমানীর কাছে দুঃখ প্রকাশ করা হলে তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তরিকতার সঙ্গে জানান, এ ঘটনায় তাঁর মনে কোনো কষ্ট নেই।
আলোচনায় বক্তারা বলেন, অতীতেও সবাই ঐক্যবদ্ধভাবে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছেন। জুলুম, অত্যাচার, নির্যাতন ও কারাবরণের মতো কঠিন সময়ও সম্মিলিতভাবে পার করেছেন তাঁরা। তাই ভবিষ্যতেও পারস্পরিক ঐক্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নতুন করে কোনো ধরনের লেখালেখি বা পাল্টাপাল্টি বক্তব্য না দেওয়ার বিষয়ে উপস্থিত সবাই একমত হন।
পরিশেষে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।