দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের স্টিল ব্রিজটি সংস্কার শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ব্রিজটির সংস্কারকাজ সম্পন্ন হয়।
ব্রিজটি পরিদর্শন ও চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামণি দেবী, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এমপির প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামণি দেবী বলেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারযোগ্য সমস্যাগুলো সমাধানে প্রশাসন কাজ করছে। ব্রিজটির দুরবস্থা পরিদর্শন করে সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণে সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।
এদিকে মেহেদী হাসান উজ্জ্বল বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সংসদ সদস্যের উদ্যোগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় দ্রুত সংস্কার সম্ভব হয়েছে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংস্কার শেষে ব্রিজটি পুনরায় চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।