ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়, নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে অচলাবস্থা, ইংরেজি-বিজ্ঞানে বছরের পর বছর শিক্ষক সংকট।
ভবন আছে, শ্রেণিকক্ষ আছে, আধুনিক অবকাঠামো আছে, আছে ২১৬ জন শিক্ষার্থী। শুধু নেই পর্যাপ্ত শিক্ষক। ফলে সরকারি অর্থে নির্মিত বহুতল ভবনের শ্রেণিকক্ষে বসে থেকেও পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি ছাত্রীরা। কোনো কোনো দিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও শিক্ষক পাচ্ছে না তারা। ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেই স্থায়ী শিক্ষক। খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এভাবেই শিক্ষক সংকটে ধুঁকছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
২৭ টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। তাঁদের মধ্যেও একজন বিএড প্রশিক্ষণে থাকায় নিয়মিত পাঠদানে অংশ নিতে পারছেন না। অর্থাৎ কার্যত চারজন শিক্ষককে সামলাতে হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২১৬ জন শিক্ষার্থীর পাঠদান। এমন পরিস্থিতিতে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম কতটা স্বাভাবিক রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক ও সচেতন মহলে।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষক সংকটের বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজেই অষ্টম শ্রেণির পাঠদান করছেন। অন্যদিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা টানা দুই ঘণ্টা শ্রেণিকক্ষে বসে থাকলেও কোনো শিক্ষক পাঠদান করতে আসেননি। শুধু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসে হাজিরা দিয়ে চলে যান। শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হলেও ক্লাসের দেখা মেলেনি।
সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, প্রথম ক্লাস ছিল বাংলা। কিন্তু কোনো শিক্ষক আসেননি। শুধু প্রধান শিক্ষক হাজিরা নিয়েছেন। দ্বিতীয় ক্লাস ছিল গণিত। ইয়ার খান স্যারের ক্লাস নেওয়ার কথা থাকলেও তিনিও আসেননি।
দশম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী আক্তার জানায়, বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্থায়ী শিক্ষক নেই। খণ্ডকালীন শিক্ষকের ওপর নির্ভর করেই তাদের পড়াশোনা চালাতে হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালের পরিপত্র অনুযায়ী প্রধান শিক্ষকের পদসহ বিদ্যালয়টিতে মোট ২৭ টি শিক্ষক পদ অনুমোদিত রয়েছে। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র পাঁচজন। তাঁরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তালেব আলী, বাংলা বিষয়ের শিক্ষক আতিকুর রহমান, কৃষিশিক্ষা বিষয়ের শিক্ষক মোঃ আলমগীর মিয়া, গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ ইয়ার খান এবং ভূগোল বিষয়ের শিক্ষক মোহাম্মদ ফিরোজ আলম মামুন। তাঁদের মধ্যে ভূগোলের শিক্ষক বিএড প্রশিক্ষণে রয়েছেন। আগামী ডিসেম্বরে তাঁর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা।
দীর্ঘদিন ধরে ইংরেজি ও বিজ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে স্থায়ী শিক্ষক না থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে চারজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। তাঁরা হলেন জীববিজ্ঞানে জেসিয়া আক্তার, অর্থনীতিতে হানিয়া ফেরদৌস, বাংলায় পলাশ কর্মকার এবং ইংরেজিতে খায়রুল ইসলাম।
অভিযোগ রয়েছে, সরকারি বিদ্যালয়ের নিয়মিত পাঠদান সচল রাখতে শিক্ষার্থীদের কাছ থেকে অত্যাবশ্যকীয় ফি হিসেবে ৪০ টাকা করে আদায় করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের অন্যান্য খরচের অর্থ থেকে খণ্ডকালীন শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা প্রহরীর বেতনও পরিশোধ করা হয়। ফলে সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষক সংকটের বোঝা সামলাতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৭ সালে সরকারিকরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকার মেয়েদের মাধ্যমিক শিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বিদ্যালয়টি। অথচ বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী রয়েছে মাত্র ২১৬ জন। শ্রেণিভিত্তিক হিসাবে ষষ্ঠ শ্রেণিতে ৫৩, সপ্তমে ৬১, অষ্টমে ৩৪, নবমে ৩৫ এবং দশম শ্রেণিতে ৩৩ জন শিক্ষার্থী রয়েছে।
অথচ বিদ্যালয়টিতে রয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত তিনটি বহুতল ভবন। পূর্ব দিকে ছয়তলা ভবনে ২২ টি, দক্ষিণ দিকে তিনতলা ভবনে ৯ টি এবং উত্তর দিকে দুইতলা ভবনে পাঁচটি কক্ষ রয়েছে। সব মিলিয়ে ১৯ টি শ্রেণিকক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো থাকলেও শিক্ষক না থাকায় সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তালেব আলী বলেন, তিনি প্রায় এক বছর আগে বিদ্যালয়ে যোগদান করেছেন। যোগদানের পর থেকেই এখানে চরম শিক্ষক সংকট দেখতে পাচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিক্ষক সংকটের প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ফলাফলেও।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, যেসব প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে, সেখানে শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহ হারাচ্ছে। পরিস্থিতির উন্নয়নে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
এদিকে অভিভাবক ও স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ আরও ভেঙে পড়বে। বিশেষ করে ইংরেজি ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে স্থায়ী শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তাঁদের প্রশ্ন, সরকারি বিদ্যালয় হয়েও কেন বছরের পর বছর গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক থাকবে না? কেন ২৭ টি অনুমোদিত পদের বিপরীতে পাঁচজন শিক্ষক দিয়ে চালাতে হবে এতো বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠান? কেন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে খণ্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান চালানোর পরিস্থিতি তৈরি হবে?
এলাকাবাসীর দাবি, শুধু অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়; প্রয়োজন পর্যাপ্ত ও যোগ্য শিক্ষক। তাই নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শূন্য পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।