শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ, আদর্শবান শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মডেল স্কুলে এফএলএন (FLN) ও প্রাথমিক শিক্ষণ বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সকল শিক্ষকের অংশগ্রহণে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই ইন-হাউস বিশেষ কর্মশালায় শিক্ষকদের প্রাথমিক জ্ঞান ও শিক্ষকতা পেশার মৌলিক ভিত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াসসহ সকল সহকারী শিক্ষকবৃন্দ।
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ এম. নজরুল ইসলাম খান এফএলএন ও শিক্ষকদের প্রাথমিক জ্ঞানের ওপর ভিত্তি করে সাজানো প্রশিক্ষণ রূপরেখা উপস্থাপন করেন। আলোচনায় শিশুমনস্তত্ত্ব, আনন্দময় ও শিশু-কেন্দ্রিক পাঠদান, বাংলা-ইংরেজি ও প্রাথমিক গণিতের ভিত্তি, ইতিবাচক শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, ধারাবাহিক মূল্যায়ন এবং শিক্ষকতার নৈতিকতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম বলেন, "শুধু পাঠদান নয়, শিশুর প্রকৃত শিখন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করে।"
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানসম্মত শিক্ষার জন্য প্রশিক্ষিত, নৈতিক ও আদর্শবান শিক্ষকের কোনো বিকল্প নেই। মূল আলোচক ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান বলেন, "‘জ্ঞান থেকে দক্ষতা, দক্ষতা থেকে প্রয়োগ, প্রয়োগ থেকে মানসম্মত শিক্ষা’—এই মূল দর্শনকে ধারণ করে আমরা কাজ করছি। স্কুলের প্রয়োজনে, শিক্ষার স্বার্থে এবং আগামীর প্রজন্মের কল্যাণে প্রতিটি শিক্ষককে প্রাথমিক জ্ঞান ও পেশাগত দক্ষতায় আরও শাণিত হতে হবে। আজকের এই বিশেষ কর্মশালা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করবে।"
সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম মডেল স্কুলকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ে আড়াই ঘণ্টাব্যাপী বিশেষ কর্মশালাটি সমাপ্ত হয়।