কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেরী বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশন এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা মূল বিক্ষোভ মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির অন্যতম নেতা এবং ২০২১ সালের নেত্রকোনা পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়রপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি।
বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেশের ভেতরে থাকা তাদের সহযোগীদের মাধ্যমে বিভিন্ন স্থানে আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বা লালন-পালন করছেন, দলের দুর্দিনে নির্যাতিত, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা তাঁদের কোনো দিন ক্ষমা করবেন না।
সমাবেশ থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।