সকাল হলেই বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন আনোয়ার হোসেন। কাঁধে কিংবা হাতে থাকে বিভিন্ন পত্রিকার বোঝা। মানুষের হাতে পৌঁছে দেন দেশ-বিদেশের নানা খবর। এভাবেই কেটে গেছে তাঁর জীবনের ২৬টি বছর। অথচ দীর্ঘদিন ধরে অন্যের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পত্রিকা বিক্রেতার নিজের জীবনেই এখন অভাব-অনটনের গল্প। পত্রিকা বিক্রির আয় কমে যাওয়ায় স্ত্রী, তিন মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। সবচেয়ে বড় দুশ্চিন্তা, কীভাবে অব্যাহত রাখবেন তিন মেয়ের পড়াশোনা।
আনোয়ার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঞ্জরভাঙ্গা গ্রামের বাসিন্দা। বয়স প্রায় ৪০ বছর। দীর্ঘ ২৬ বছর ধরে পত্রিকা বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর সামান্য আয়ের ওপর নির্ভরশীল পুরো পরিবার।
আনোয়ারের ভাষ্য অনুযায়ী, একসময় প্রতিদিন প্রায় এক হাজার থেকে ১ হাজার ২০০ কপি বিভিন্ন পত্রিকা বিক্রি করতেন তিনি। বর্তমানে ছাপা পত্রিকার চাহিদা কমে যাওয়ায় সেই বিক্রি নেমে এসেছে মাত্র ৪০০ থেকে ৫০০ কপিতে। ফলে আয়ও কমেছে উল্লেখযোগ্য হারে। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবারের খরচ বেড়েছে কয়েক গুণ।
তাঁর তিন মেয়ের মধ্যে বড় মেয়ে আফরোজা আক্তার (২২) এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হয়েছে। দ্বিতীয় মেয়ে আশরাফী আক্তার (১৪) এবং ছোট মেয়ে নাইদা জান্নাত (১০) পড়াশোনা করছে। সীমিত আয়ের মধ্যেও মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে চান তিনি। কিন্তু বই-খাতা, কলম, পোশাক ও শিক্ষাসংক্রান্ত অন্যান্য ব্যয় বহন করতে গিয়ে প্রতিনিয়ত সংকটে পড়তে হচ্ছে তাঁকে।
এর পাশাপাশি রয়েছে বৃদ্ধা মায়ের চিকিৎসা ও ওষুধের খরচ। পাঞ্জরভাঙ্গা গ্রামের একটি কুঁড়েঘরে বসবাসকারী আনোয়ারের পরিবারের কাছে ঈদ কিংবা অন্য কোনো উৎসবও বাড়তি আনন্দের চেয়ে বাড়তি ব্যয়ের চিন্তা নিয়ে আসে। পরিবারের সদস্যদের নতুন পোশাক কেনা কিংবা একটু ভালো খাবারের আয়োজন করাও অনেক সময় তাঁর সামর্থ্যের বাইরে থেকে যায়।
দীর্ঘদিনের পরিশ্রমেও ভাগ্যের পরিবর্তন হয়নি আনোয়ারের। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সংসারের দায়িত্ব, আর কমেছে উপার্জনের পথ। কীভাবে সংসার চালাবেন, মেয়েদের পড়াশোনার খরচ জোগাবেন এবং বৃদ্ধা মায়ের চিকিৎসা করাবেন—এসব চিন্তায় প্রতিনিয়ত দিন কাটছে তাঁর।
নিজের দীর্ঘদিনের সংগ্রাম ও বর্তমান অসহায়ত্বের কথা বলতে গিয়ে আক্ষেপের সুরে আনোয়ার বলেন, ‘আর পারা যাচ্ছে না।’ তাঁর এই ছোট্ট কথার মধ্যেই ফুটে ওঠে দীর্ঘ ২৬ বছরের পরিশ্রম, পরিবারের প্রতি দায়িত্ব এবং অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা।
তবুও মেয়েদের পড়াশোনা বন্ধ করতে চান না তিনি। তাঁর স্বপ্ন, মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে এবং একদিন দারিদ্র্যের কষ্ট থেকে পরিবারকে মুক্ত করবে।
আনোয়ার হোসেনের এই সংগ্রাম কেবল একজন পত্রিকা বিক্রেতার ব্যক্তিগত জীবনের গল্প নয়; এটি সময়ের পরিবর্তনে জীবিকা হারাতে বসা নিম্ন আয়ের মানুষের বাস্তব চিত্র। ডিজিটাল সংবাদমাধ্যমের প্রসারের সঙ্গে ছাপা পত্রিকার বিক্রি কমে যাওয়ায় তাঁর মতো অনেক পত্রিকা বিক্রেতাই এখন আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন।
এ অবস্থায় আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সামান্য সহযোগিতা পেলে হয়তো তাঁর পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে এবং তিন মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ আরও সহজ হবে।
মানুষের হাতে প্রতিদিন খবর পৌঁছে দেওয়া আনোয়ার হোসেনের নিজের পরিবারের স্বপ্নগুলো যেন অভাবের কাছে হারিয়ে না যায়—এটাই এখন তাঁর প্রত্যাশা।