নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর রাবেয়া মোড়ে অবস্থিত ‘ইকু পেপার মিল লিমিটেড’ এ কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আজিজার রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক ভোর ৫ টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালদীঘী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তমিজ মেম্বারপাড়া এলাকার তসলিম উদ্দিনের ছেলে। তার পরিবারে ২৭ ও ২৫ বছর বয়সী দুই ছেলে এবং ২১ বছর বয়সী এক মেয়ে আছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ইকু গ্রুপের চেয়ারম্যান সিদ্দিকুল আলমের মালিকানাধীন 'ইকু পেপার মিলে' নাইট ডিউটিতে ছিলেন আজিজার রহমান। দায়িত্ব পালনকালে রাতের কোন এক সময় তিনি কাটিং সেকশনের কাটার মেশিনের ভেতরে ঢুকে কাটা পড়ে গুরুতর আহত হন।
ভোরে কারখানার কর্মচারীরা তাকে উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কোম্পানির লোকজন তার লাশ বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু তিনি কিভাবে দূর্ঘটনার শিকার হয়েছেন তা কেউ বলতে পারেনি।
নিহতের স্বজনদের দাবি, লাশের ময়নাতদন্ত করা হয়েছে কি না কিংবা এই ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তারা কিছুই জানেন না। ঘটনার পর মালিক পক্ষের কেউ তাদের বাড়িতে যাননি বলেও অভিযোগ করেছেন স্বজনরা। শুধু কারখানার একজন কর্মচারী এসে বিষয়টি জানিয়ে গেছেন বলে তারা জানান।
এ বিষয়ে জানতে মিলের ওয়েবসাইট থেকে প্রাপ্ত এজিএম আকরাম খানের মোবাইল ফোন নম্বরে ০১৯১৩৮২০১৭৭ একাধিকবার কল দিলে রিং হলেও রিসিভ করা হয়নি। পরে প্রতিষ্ঠানটির মালিক সাবেক এমপি সিদ্দিকুল আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি শুনেছি, তবে ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থার জন্য এখনো কেউ অভিযোগ করেনি।