পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ, পিরোজপুরের সভাকক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাকিব আল হাসান লিহি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির পিরোজপুর জেলা সমন্বয়ক মো. মেজবাউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ধর্ম, বর্ণ, মত ও পথের বৈচিত্র্য নিয়েই আমাদের বাংলাদেশ গঠিত। কিন্তু স্বাধীনতার এত বছর পরও সমাজে ঔপনিবেশিক আমলের রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক কাঠামোর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভাজন রয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও মব-সংস্কৃতি, যা শান্তিকামী মানুষকে বিপন্ন করে তুলছে।
বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার, বাকস্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সভ্য রাষ্ট্রের দায়িত্ব। কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তার সমাধান হতে হবে যুক্তি, সংলাপ ও আইনের মাধ্যমে; মব সন্ত্রাস কিংবা জোরজবরদস্তির মাধ্যমে নয়।
তারা বলেন, উগ্রবাদ ও জোরজবরদস্তির বিরুদ্ধে নীরব না থেকে বিভিন্ন ধর্ম, মত, পথ ও পেশার সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং ইতিবাচক নবজাগরণ সৃষ্টিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ, পিরোজপুরের সভাপতি খালেদা আক্তার হেনা ও সাধারণ সম্পাদক মিনারা বেগম, বাংলাদেশ মানবাধিকার সংগঠনের নির্বাহী সভাপতি কাজী মজিবুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুরের সভাপতি মো. খালেদ আবু, বাংলাদেশ যাত্রাগোষ্ঠী পিরোজপুরের সম্পাদক শাহীন শিকদার ও সভাপতি আনোয়ার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা জহিরুল হক, আব্দুস সালাম বাতেন, সিদ্দিকুর রহমান পাশা, শাজাহান খন্দকার ও নুরুদ্দিন খালেদ রবি; ব্যবসায়ী আজম খান; জোড়া বটগাছ মাজার কমিটির সভাপতি মোহাম্মদ জালাল শেখ ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ গোলাম মর্তুজা; কিয়ামউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম ফরাজী; পিরোজপুর জজ কোর্টের অ্যাডভোকেট মনজুরুল আজিম খান ও রহিমা আক্তার হাসি; হরিনা গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরবিন্দ মণ্ডল; সাহিত্যিক ও লেখক মনীষা রানী হালদার এবং পিরোজপুর সদর থানা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন।
এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত সবাই পিরোজপুরে সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও নাগরিক নিরাপত্তা বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।