মন্ত্রণালয়ের নির্দেশে বরিশল ইউনিয়ন থেকে বাদ পড়ছে চান্দি, কোড্ডা, কোড়াবাড়ি ও শ্যামনগর | রেলপথ-সড়ক অবরোধের পর বড় অগ্রগতি, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি| আন্দোলনের চাপ, রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ এবং প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর অবশেষে বড় ধরনের অগ্রগতি হলো ব্রাহ্মণবাড়িয়ার বাসুদেব ইউনিয়নবাসীর দাবিতে। সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করে আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নে যুক্ত করা ছয় গ্রামের মধ্যে চারটি গ্রাম পুনরায় বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মন্ত্রণালয়ের এই নির্দেশনায় বরিশল ইউনিয়ন থেকে বাদ পড়ার প্রক্রিয়ায় রয়েছে চান্দি, কোড্ডা, কোড়াবাড়ি ও শ্যামনগর গ্রাম। গত ২৬ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন-১ শাখা থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে চারটি গ্রামকে বরিশল ইউনিয়ন থেকে বাদ দিয়ে বাসুদেব ইউনিয়নের সঙ্গে পুনঃসংযুক্ত করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটিই চূড়ান্ত পুনঃসংযুক্তির প্রজ্ঞাপন নয়। জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হলেই কার্যকর হবে সিদ্ধান্ত।
ছয় গ্রাম নিয়ে সিদ্ধান্ত, শুরু থেকেই ক্ষোভ।
চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি, এই ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলার অধীনে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। ৪ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
কিন্তু সদর উপজেলার একটি ইউনিয়ন থেকে গ্রাম বিচ্ছিন্ন করে অন্য উপজেলার অধীনে যুক্ত করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ। তাঁদের অভিযোগ ও আপত্তির মধ্যেই শুরু হয় আন্দোলন। ইউনিয়নের অখণ্ডতা রক্ষা এবং বিচ্ছিন্ন ছয়টি গ্রাম আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকেন তাঁরা।
এর মধ্যে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন এবং বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নকে ঘিরে বরিশল নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়টি সামনে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অবরোধে থমকে যায় রেলপথ, অচল সড়ক, দাবি আদায়ে গত ৮ নভেম্বর রাজপথ ও রেলপথে কঠোর কর্মসূচি পালন করেন এলাকাবাসী। সকাল ৭ টার দিকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেন তাঁরা। একই সঙ্গে অবরোধ করা হয় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক।
একপর্যায়ে দুই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি আন্তনগর ট্রেন। সড়কেও সৃষ্টি হয় যান চলাচলের অচলাবস্থা। এতে স্থানীয় ইস্যুটি জাতীয় যোগাযোগব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব ফেলে।
আন্দোলনকারীদের দাবি ছিল, ছয়টি গ্রামকে বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে দিতে হবে এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের উদ্যোগ বন্ধ করতে হবে। বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়নসহ স্থানীয় নেতারা আন্দোলনে নেতৃত্ব দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে প্রায় সাড়ে চার ঘণ্টা পর ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করা হয়।
ছয় থেকে চার গ্রামে দাবির মোড়,
৯ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও আন্দোলনকারীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আন্দোলনকারীরা তাঁদের দাবিতে নতুন অবস্থান তুলে ধরেন। ছয়টি গ্রামের পরিবর্তে চান্দি, কোড্ডা, কোড়াবাড়ি ও শ্যামনগর, এই চারটি গ্রাম বরিশল ইউনিয়ন থেকে বাদ দিয়ে বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেন তাঁরা। তাঁদের দাবি ছিল, বরিশল ও বৈষ্ণবপুর, এই দুই গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন বহাল রাখা হোক।
বৈঠক শেষে জেলা প্রশাসক জানান, চার গ্রামের বাসিন্দারা বরিশল ইউনিয়নে থাকতে চান না। তাঁদের লিখিত আবেদন বা স্মারকলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলও চার গ্রামকে বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে নেওয়ার দাবির প্রতি সমর্থন জানান।
এবার মন্ত্রণালয়ের চিঠি, নজর জেলা প্রশাসনের দিকে,
দীর্ঘ আন্দোলন, রেলপথ ও সড়ক অবরোধ এবং প্রশাসনিক আলোচনার পর ২৬ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা আন্দোলনকারীদের দাবির পক্ষে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এখন প্রশ্ন, জেলা প্রশাসন কত দ্রুত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চারটি গ্রামকে বাসুদেব ইউনিয়নে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে? মন্ত্রণালয়ের নির্দেশনার পর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের আন্দোলনের অবসানের পথ তৈরি হলেও চূড়ান্ত প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।
চারটি গ্রামের প্রশাসনিক পরিচয় ফিরে পাওয়ার লড়াই এখন শেষ পর্যায়ে পৌঁছেছে কি না, তা নির্ভর করছে জেলা প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর।