সিরাজগঞ্জে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর ২০২৬ (বৃহস্পতিবার থেকে শনিবার) তিন দিনব্যাপী ৫ তম জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা হার্ড পয়েন্ট এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে ইজতেমা ময়দানের অধিকাংশ কাজ শেষ হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে বাকি কাজও সম্পন্ন হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ইজতেমায় আগত মুসল্লিদের থাকার জন্য প্রায় ২০ হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন তাঁবু স্থাপন করা হচ্ছে। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্তসংখ্যক টয়লেট, অজুর পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ এবং মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজকদের ধারণা, শুক্রবার জুমার নামাজ আদায় করতে প্রায় ৭০ হাজার মানুষের সমাগম হতে পারে। এতে সিরাজগঞ্জ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
সরেজমিনে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ তাঁবু স্থাপন করছেন, কেউ বিদ্যুৎ সংযোগের কাজ করছেন, আবার কেউ সারি সারি টয়লেট ও অজুখানার ব্যবস্থা করছেন। ডেকোরেশনের কর্মীরাও ব্যস্ত সময় পার করছেন ময়দান সাজানোর কাজে।
সব মিলিয়ে মুসল্লিদের নির্বিঘ্নে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা। নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে জেলা ইজতেমা আয়োজনের প্রত্যাশা আয়োজকদের।