নীলফামারী সদর উপজেলায় ৬শ' পিস ইয়াবাসহ মো. রাছেল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার রাছেল ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার আলমনগর এলাকার সোনাহার পাঠানপাড়া গ্রামের মো. মনসুর আলীর ছেলে। তিনি চিহ্নিত মাদক বিক্রেতা এবং দীর্ঘদিন থেকে নীলফামারীসহ আশেপাশের জেলায় মাদক সরবরাহ করে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি মো. আবু ইকবাল পাশা ও এসআই ফিরোজ কবিরের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে গোপন সংবাদের ভিত্তিতে একটা চৌকশ দল অংশ নেয়।
এ সময় নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরাজী দলুয়া বাবুল মেম্বার পাড়া গ্রামের মো. আমিনার রহমান ওরফে বড় বাউয়ের (৪৩) বসত বাড়ির ভেতর থেকে রাছেল ইসলামকে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে নীল রঙের তিনটি বায়ুরোধক জিপার প্যাকেটে রাখা অবস্থায় মোট ৬০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো. আবু ইকবাল পাশা জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা রয়েছে।