কৃষি গবেষণার সুফল সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষির প্রসার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনী ভাংগায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির অধিক কৃষি প্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাতের মাঠ পর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে একটি আদর্শ কৃষিনির্ভর গ্রাম গড়ে তোলে তা দেশের সর্বত্র ছড়িয়ে দেয়ায় এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ প্রযুক্তি গ্রামের মাধ্যমে এলাকার কৃষক-কৃষাণী, খামারি ও উদ্যোক্তাদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ফলে স্থানীয়দের কৃষি বিষয়ক সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা, আধুনিক চাষাবাদ পদ্ধতি পরিচিত করা এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে এবং গবেষক, কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০২৬-২০৩০ মেয়াদে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় শ্রীপুর উপজেলার বদনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস, এম, রফিকুল ইসলাম বাচ্চু এবং অনুষ্ঠানের গেস্ট অব অনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান যৌথভাবে ‘প্রযুক্তি গ্রাম’-এর উদ্বোধন করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেন।