শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল পঞ্চগড় শহর। দীর্ঘ প্রতিরোধ, রক্তক্ষয়ী সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগে অর্জিত সেই গৌরবময় দিনটি স্মরণ করেন জেলার সর্বস্তরের মানুষ।
রোববার (২৯ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একাত্তরের বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিরোধ, রক্তক্ষয়ী সংগ্রাম ও ২৯ নভেম্বরের মুক্তি
মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড় ছিল একটি গুরুত্বপূর্ণ রণাঙ্গন। তিন দিক দিয়ে ভারতীয় সীমান্তবেষ্টিত ভৌগোলিক অবস্থানের কারণে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়েই এ অঞ্চলে গড়ে ওঠে প্রতিরোধযুদ্ধ। পঞ্চগড় ছিল মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের অধীন ৬-এ সাব-সেক্টরের অন্তর্ভুক্ত। সীমান্তবর্তী তেঁতুলিয়া অঞ্চল মুক্তিযোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ মুক্তাঞ্চল ও প্রতিরোধের ঘাঁটি হিসেবে ভূমিকা পালন করে।
১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী পঞ্চগড় শহর দখল করে নেয়। শহর দখলের পর তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাযজ্ঞ চালায়। প্রাণভয়ে অসংখ্য মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যান। তবে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ থেমে থাকেনি। স্থানীয় মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন এলাকায় গেরিলা ও সম্মুখযুদ্ধে অংশ নেন।
যুদ্ধের শেষ পর্যায়ে নভেম্বর মাসে মুক্তিবাহিনীর তৎপরতা আরও জোরদার হয়। একের পর এক আক্রমণে পাকিস্তানি বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়ে। ২৮ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে পঞ্চগড় শহরে টিকতে না পেরে হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
অবশেষে ১৯৭১ সালের ২৯ নভেম্বর শত্রুমুক্ত হয় পঞ্চগড় শহর। মুক্তিযোদ্ধাদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। মুক্তির আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে পঞ্চগড়বাসী।
সেই ঐতিহাসিক দিনটির স্মৃতি ও বীরত্বগাথা ধারণ করে প্রতিবছর ২৯ নভেম্বর পালিত হয় পঞ্চগড় মুক্ত দিবস। দিনটি কেবল একটি শহর শত্রুমুক্ত হওয়ার স্মারক নয়, এটি পঞ্চগড়বাসীর সাহস, সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় অবিচল থাকার এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়েই নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।