যশোরের মনিরামপুরে ৩৪০টি পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা জানিয়েছেন ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেহেদী হাসান সুমন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।
পোস্টে মো. মেহেদী হাসান সুমন জানান, মানুষের আন্তরিক দোয়া ও ভালোবাসায় এ পর্যন্ত ৩৪০টি পরিবারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছেন তিনি। কর্মসংস্থানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়তা করাই তাঁর এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচিত হলে মনোহরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে আরও বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান। বিশেষ করে এলাকার বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, তরুণদের স্বাবলম্বী করে তোলা এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় এলাকার পাড়া-মহল্লায় থাকা বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান মেহেদী হাসান সুমন। তাঁর মতে, পরিচিত ও কর্মপ্রত্যাশী তরুণদের কাছে কর্মসংস্থানের তথ্য পৌঁছে দেওয়া গেলে তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
কর্মসংস্থান একটি পরিবারের আর্থিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারের উপার্জনের সুযোগ সৃষ্টি হলে দৈনন্দিন চাহিদা পূরণ, সন্তানদের শিক্ষার ব্যয় নির্বাহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়লে বেকারত্ব কমানো ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বলে তিনি জানিয়েছেন।