নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সরিষা, গম ও বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কৃষি প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৯ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরশিদা খাতুন।
বক্তারা বলেন, রবি মৌসুমে সরিষা, গম ও বোরো ধানের আবাদ সম্প্রসারণ এবং ফলন বাড়াতে সরকারের এ কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়মতো বীজ ও সার পেয়ে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।