সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকাডুবিতে নিহত আব্দুল আজিজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
গত শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাঁকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আজিজ (৩৫) নৌকায় করে কাঠ নিয়ে যাওয়ার সময় নদীতে পাতা মাছ ধরার জালে নৌকাটি আটকে যায়। পরে নৌকাটি ডুবে গেলে তিনি পানিতে তলিয়ে যান।
এ সময় নৌকায় থাকা তাঁর স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে কাজল বেগম ও তাঁর ছেলে সুস্থ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেয়েছে পরিবারটি।