মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায় ২৭ কোটি ৯২ লাখ টাকারও বেশি ব্যয়ে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।
রোববার (২৯ নভেম্বর) তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় দুটি সড়কের নির্মাণকাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাটুরিয়া উপজেলার হরগজ ইউপি অফিস-কান্দাপাড়া বাজার ভায়া নোয়াপাড়া সড়ক উন্নয়ন, সাটুরিয়া মাছ বাজার সেতু নির্মাণ, দড়গ্রাম-জিপসি-নাগরপুর জিপসি ভায়া সভার-ছনকা বাজার সড়ক নির্মাণ এবং গড়পাড়া-বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কে সেতু নির্মাণ।
উদ্বোধন শেষে স্থানীয়দের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষের অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এসব উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। সড়ক ও সেতুগুলো নির্মিত হলে মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চলাচল আরও সুবিধাজনক হবে।
তিনি আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়ক প্রশস্ত করা প্রয়োজন। এ জন্য কোথাও কারও জমির সামান্য অংশের প্রয়োজন হলে জনস্বার্থ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করে সহযোগিতার আহ্বান জানান তিনি।
নির্মাণকাজের মান বজায় রাখার বিষয়ে ঠিকাদারদের সতর্ক করে খাদ্যমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা করতে হবে। নির্মাণকাজ যথাযথ নিয়মে ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কাজের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পরে উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দল আজকের অবস্থানে পৌঁছেছে। ফ্যাসিবাদ কিংবা গুপ্ত তৎপরতার মাধ্যমে কেউ দেশ ও দেশের মানুষের ক্ষতি করতে চাইলে তা মেনে নেওয়া হবে না। দেশে ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না।
এদিকে, পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বরাইদ ইউনিয়ন যুব সমাজ ও তাঁতী মেলা কমিটি আয়োজিত তাঁতী সমাবেশে যোগ দেন। সেখানে তিনি মানিকগঞ্জের তাঁতশিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি তাঁতশিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং এ শিল্পের ঐতিহ্য ও অবদানের প্রশংসা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন প্রাথমিক তাঁতী সমিতির নির্বাহী সদস্য মো. আব্দুল ব্যাপারী।